দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ।
তিনি জানান, রোববার রাত থেকে অসুস্থ বোধ করলে সোমবার ভোরে দীপু মনিকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
জেল সুপার বলেন, “ঢাকা মেডিকেলে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার দুপুরে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। বেলা সোয়া ১টার দিকে তিনি কারাগারে পৌঁছান।”
তিনি আরও জানান, প্রায় পাঁচ মাস আগে দীপু মনিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আনা হয়। তিনি আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আরিফুজ্জামান বলেন, কিডনিসংক্রান্ত সমস্যাও ছিল দীপু মনির। ভোর সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং সকাল ৬টা পর্যন্ত চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দীপু মনি চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে একাধিক মামলায় তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
জে আই